জামালপুরের সরিষাবাড়ীতে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে টিসিবির ভ্রাম্যমান গাড়িতে হুমড়ি খেয়ে পড়ছে নিম্নআয়ের সাধারণ মানুষ। ২৫০টি প্যাকেজের জন্য লাইনে দাঁড়িয়েছে হাজারও মানুষ।
মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বিভিন্ন স্থানে সামান্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সাশ্রয়ী মূল্যে পণ্য পেতে টিসিবির ভ্রাম্যমাণ গাড়িতে হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ মানুষ। গতকাল বুধবার সকালে এমন দৃশ্য দেখা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আমতলা মোড়ে। এসময় ১১০ টাকা কেজি তেল, ৬৫ টাকা কেজি ডাল ও ৫৫ টাকা কেজি চিনি বিক্রি করেন টিসিবির ডিলার মেসার্স মিলন এন্টারপ্রাইজ। এ সময় মাত্র ২৫০টি প্যাকেজে প্রায় হাজার মানুষ হুমড়ি খেয়ে পড়ে। মুহুর্তে শেষ হয়ে যায় পণ্য। খালি হাতে ফিরতে হয় অনেককে।
খালি হাতে ফিরে যাওয়া একাধিক গ্রাহক বলেন, সকাল থেকে অপেক্ষার পর ১১টার সময় গাড়ি এসে দাঁড়ালে মুহুর্তেই শেষ হয়ে যায়। তাই পণ্য না পেয়ে খালি হাতেই ফিরে যাচ্ছি। ডিলার মিলন মিয়া জানান, আমাকে মাত্র ৫শ’ কেজি ডাল, ৫শ’ কেজি চিনি ও ৬শ’ লিটার তেল দেওয়া হয়েছে। যা দিয়ে দুই কেজি ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার তেল দিয়ে ৪৬০ টাকা মূল্যে মোট ২৫০ প্যাকেজ করি। তবে গাড়ি এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মানুষ এসে দাঁড়ায় প্রায় হাজার জন। মুহুর্তেই বিক্রি হয়ে যায় পণ্য।








