ই-কমার্স
বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে গ্রাহকদের টাকা আটকে রয়েছে। যে কারণে গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। সমস্যা নিরসনে পদক্ষেপের কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান এ এইচ এম শফিকুজ্জামান বলেছেন, গ্রাহকের টাকা ফেরত দিতে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। গত বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ডিজিটাল কমার্সের মাধ্যমে সংঘটিত ব্যবসা-বাণিজ্যের লেনদেনে সৃষ্ট ভোক্তা বা বিক্রেতা অসন্তোষ ও প্রযুক্তি সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত কারিগরি কমিটির চতুর্থ বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
শফিকুজ্জামান বলেন, গণবিজ্ঞপ্তি দেওয়ার পর শুনানি হবে। শুনানি শেষে যেখানে যে টাকা আটকে আছে, তা গ্রাহকদের ওয়ালেটে ফেরত দেওয়া হবে। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ইক্যাব) সাত দিনের মধ্যে তালিকা দিতে বলা হয়েছে। তারা তালিকা না দিলেও গ্রাহকদের ওয়ালেটে টাকা ফেরত দেওয়া হবে।
শফিকুজ্জামান জানান, এ পর্যন্ত ১২টি ই-কমার্স প্রতিষ্ঠানের লেনদেন পরিশোধকারী প্রতিষ্ঠানে (পেমেন্ট গেটওয়ে) আটকে থাকা ৭৩ কোটির বেশি টাকা ফেরত দেওয়া হয়েছে। এর বাইরে দু-একটি প্রতিষ্ঠান ইতিবাচকভাবে যোগাযোগ করেছে। এমনও হয়েছে যে আমাদের সঙ্গে যোগাযোগের পর হারিয়ে গেছে কেউ কেউ। ইক্যাবের কাছে সেসব প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছে। ইক্যাব যাচাই-বাছাই করে তালিকা দেবে, যা পরে পুলিশের কাছে হস্তান্তর করবে বাণিজ্য মন্ত্রণালয়।








