আবারো বিয়ে করছেন নব্বই দশকে বলিউডের হিট অভিনেত্রী কারিশমা কাপুর। সঞ্জয় কাপুরের সঙ্গে সংসার ভেঙে যাওয়ার দশ বছর পর সন্দীপ তোশিওয়ালের সাথে ঘর বাঁধতে যাচ্ছেন কাপুর বাড়ির মেয়ে কারিশমা।
বেশ কিছুদিন ধরেই সন্দীপ তোশিওয়ালের সঙ্গে কারিশমার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে কারিশমা কাপুর জানিয়েছিলেন সন্দীপ শুধু তার বন্ধু। এবার গুঞ্জন শোনা যাচ্ছে সন্দিপকেই বিয়ে করতে যাচ্ছেন ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী।
এর আগে ২০০৩ সালে সঞ্জয় কাপুরের সাথে বিয়ে হয় কারিশমা কাপুরের। তবে টেকেনি সেই সংসার। ২০১০ সালে ভেঙে যায় সেই সংসার। এদিকে গত বছর ডিভোর্স হয় সন্দীপের। দুই মেয়ে রয়েছে সন্দীপেরও।
নব্বই দশকে গ্ল্যামার, অভিনয় দিয়ে বহু সিনেমায় দর্শক মাতিয়েছেন এই অভিনেত্রী। শাহরুখ, আমির, অজয় দেবগনের বিপরীতে বাজিমাত করেছেন এ নায়িকা। তবে সঞ্জয়ের সাথে বিয়ের পর হঠাৎ করেই চলচ্চিত্র থেকে দূরে সরে যান তিনি। পুরোদমে মন দেন সংসারে।
আনন্দবাজার/ টি এস পি








