করোনা ভাইরাসের প্রভাবে নির্ধারিত সময়ে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে না পারলে গ্রাহকের কাছ থেকে কোন জরিমানা বা বাড়তি চার্জ নিতে পারবে না ব্যাংক। এর মধ্যে যদি কোনো ব্যাংক চার্জ আরোপ করে থাকে তাহলে গ্রাহককে তা ফেরত দিতে হবে বলে এমন একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ইতোমধ্যে বিভিন্ন দেশও একই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনার কারণে ক্রেডিট কার্ড গ্রাহকদের সব ধরনের জরিমানা মওকুফ করা হয়েছে। ক্রেডিট কার্ড গ্রাহকেরা আগামী ৩১ মে পর্যন্ত এ সুবিধা পাবে। এছাড়া গত ১৫ মার্চ থেকে যাদের বিল বকেয়া হয়েছে ও এজন্য জরিমানা আরোপ হয়েছে তা আদায় করা যাবে না।
সার্কুলারে বলা হয়, অনেক ক্ষেত্রেই ক্রেডিট কার্ড গ্রাহকদের পক্ষে প্রদেয় বিল নির্ধারিত সময়ে পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ প্রেক্ষিতে গ্রাহকদের আর্থিক সামর্থ্য ও চলমান অন্যান্য সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় বিলম্ব ফি বা জরিমানা মওকুফের সিদ্ধান্ত হয়েছে। এই সময়ের মধ্যে কেউ বিলম্ব ফি প্রদান করলে, তা সংশ্লিষ্ট গ্রাহককে পরবর্তী সময়ে তার বিলের সঙ্গে সমন্বয় করে দিতে হবে। এ নির্দেশনা ১৫ মার্চ থেকে কার্যকর হয়ে ৩১ মে পর্যন্ত চলবে।
আনন্দবাজার/রনি








