বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চায় প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. যাহিদ হোসেন। গতকাল বৃহস্পতিবার বিমানের বলাকা ভবনে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বর্তমানে বিমানের বার্ষিক টার্নওভার ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। বিমানকে বার্ষিক এক বিলিয়ন মার্কিন ডলারের টার্নওভার প্রতিষ্ঠানে দাঁড় করা চাই। এজন্য ব্যবসাকে বড় করতে হবে। কেননা আমাদের প্রায় ৮০ লাখ প্রবাসী রয়েছে। তারা বিমানে চলাচল করতে চায়। তাদের জন্য প্লেনগুলোর সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা থাকবে। এটাই লক্ষ্য।
১৩ জুলাই বিমানের এমডি ও সিইওর দায়িত্ব পান অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন। নিজের প্রথম সংবাদ সম্মেলনে যাহিদ হোসেন বলেন, করোনায় সারা পৃথিবীর এভিয়েশন ইন্ডাস্ট্রি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক এয়ারলাইন্স বন্ধ হয়ে যায়। বিমান সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছি। আমরা ২০২১-২২ সালে ২২ লাখ যাত্রী পরিবহন করেছি।
তার প্রধান লক্ষ্য কী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমডি বলেন, বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে আমার প্রধান লক্ষ্য লাভ করা, বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা। বিমানের যাত্রীদের স্যাটিসফ্যাকশন নিশ্চিত করা। তবে আমাদের কাস্টমার সার্ভিস এক্সপেক্টেড পর্যায়ের না, এটাতে আরও উন্নতি করার সুযোগ আছে।
তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হলো বিমানকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। তাই সব সিদ্ধান্ত বাণিজ্যিকভাবেই নেব। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে জনগণের সঙ্গে রাষ্ট্রের কমিটমেন্টকেও রক্ষা করা হবে।








