উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকরা আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। অধিকলাভের আশায় তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকেই আলু চাষে মাঠে নামছেন তারা। চলতি বছর এ উপজেলায় ১ হাজার ৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এ পর্যন্ত উপজেলার ৮০ হেক্টর জমিতে স্থানীয় জাত ও ৭০০ হেক্টর জমিতে উফশি জাতের আলু চাষাবাদ করেছে। যেভাবে প্রান্তিক চাষিরা আলু চাষে ঝুঁকছেন তাতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি অফিস ও প্রান্তিক কৃষকরা জানিয়েছেন প্রতিবিঘা জমিতে এস্টারিজ, রোসাগোল বীজ দিয়ে ভালো ফলন হলে বিঘা প্রতি ১০০ থেকে ১১০ মণ পর্যন্ত আলু উৎপাদন হয়। বিঘা প্রতি আলু চাষবাদ করতে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। এ অঞ্চলের বেশির ভাগ কৃষক ধার-দেনা ও ব্যাংক থেকে ঋণ নিয়ে আলুর চাষ করেছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলু চাষিরা ব্যস্ত সময় পার করছেন। কোনো কৃষক ঘরে বসে নেই। প্রতিদিন সকাল হলেই প্রান্তিক কৃষকরা ক্ষেতে আলু চাষ করছেন এবং আলুক্ষেত পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন। আলু চাষে কৃষকরা লাভবান হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। তাই গত বছরের চেয়ে চলতি মৌসুমে ব্যাপকহারে চাষিরা আলুর চাষ করছেন। যে সব চাষির নিজস্ব জমি নেই তারাও অন্যের জমি লিজ নিয়ে আলু চাষ করে স্বচ্ছলভাবে জীবন-জীবিকা নির্বাহ করছে। অধিক লাভের আশায় এ অঞ্চলের কৃষকরা প্রতিবছরই আগাম আলু চাষ করে লাভবান হচ্ছেন।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষক তৈয়ব আলী (৫৫) জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে চলতি বছর ১১ বিঘা জমিতে আলু চাষ করেছি। আলুর বাম্পার ফলন ও দাম ভালো থাকলে চাষিরা লাভবান হবেন। এছাড়াও তিনি জানান, সরকার যদি আলু বিদেশে রপ্তানি করার সুযোগ তৈরী করে তাহলে আলু চাষিদের কখনও লোকসান গুণতে হবে না।
একই ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের কৃষক ঈসা মিয়া ও হাসেম আলী জানান, আমাদের কোন নিজস্ব জমি নেই। প্রতিবছর ১০ থেকে ১৫ বিঘা জমি লিজ (কন্ট্রাক) নিয়ে আলুর চাষাবাদ করছি। এ বছরও ১৫ বিঘা জমিতে আলুর চাষাবাদের জন্য অন্যের জমি লিজ নিয়েছি। ১০ বিঘা জমিতে আলুর চাষ করেছি। কয়েকদিনের মধ্যে বাকি ৫ বিঘাতেও আলুর চাষ সম্পূর্ণ হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, এ অঞ্চলের মাটি আলু চাষের উপযোগী হওয়ায় প্রান্তিক চাষিরা ব্যাপক হারে আলু চাষাবাদ করছে। আবহাওয়া অনুকূল থাকায় চলতি মৌসুমে আগাম জাতের আলুসহ ১ হাজার ৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে কৃষি বিভাগ। এ যাবৎ পর্যন্ত কৃষিবিভাগের সর্বাত্বক সহযোগীতায় ৭৮০ হেক্টর জমিতে প্রান্তিক চাষিরা আগাম জাতের আলুর চাষাবাদ করেছে।
আনন্দবাজার/এম.আর








