সৌদি আরবের রাজ পরিবারের দুইজন সদস্যসহ বেশ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন সৌদি বাদশাহ। জানা গেছে, রাজকীয় একটি আদেশে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কমান্ডারের পদ থেকে প্রিন্স ফাহাদ বিন তুরকিকে অব্যাহতি দিয়েছেন সৌদি বাদশাহ। পাশাপাশি তার ছেলে আবদুলাজিজ বিন ফাহাদকেও ডেপুটি গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়েছেন।
এছাড়া ওই রাজকীয় আদেশে আরও বলা হয়েছে, কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত করা হবে।
সৌদি বাদশাহের ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের অঘোষিত শাসক বলে মনে করা হয়। তিনি সরকারের ভেতর কথিত দুর্নীতির বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করছেন।
তবে সমালোচকরা মনে করেন, শীর্ষ পদের এসব গ্রেফতারের আসল উদ্দেশ্য হচ্ছে যুবরাজের ক্ষমতা গ্রহণের বাধাগুলো দূর করা।
আনন্দবাজার/টি এস পি








