করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এক মাসেরও বেশি সময় ধরে মক্কার পবিত্র কাবাঘর এবং মদিনার মসজিদে নববীতে কম সংখ্যক মানুষ প্রার্থনা করতে যেতে পারছে। তবে দ্রুতই ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র এই দুই মসজিদ খুলে দিতে যাচ্ছে মসজিদ কর্তৃপক্ষ। আর এরই অংশ হিসেবে পবিত্র কাবা ঘরের প্রধান প্রবেশপথ কিং আব্দুল আজিজ গেটে বসানো হয়েছে অত্যাধুনিক জীবাণুনাশক মেশিন।
মসজিদগুলোর মূল প্রবেশপথে যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে সবশেষে প্রযুক্তির জীবাণুমুক্তকরণ গেট বসানো হয়েছে। উন্নত মানের এ মেশিনের মাধ্যমে ফটকে সেলফ স্যানিটাইজার স্প্রেসহ জীবাণু নির্বীজকরণ করার এবং থার্মাল ক্যামেরা দিয়ে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা থাকবে। থার্মাল ক্যামেরাগুলোর ৬ মিটারের মধ্যে একসাথে বেশ কয়েকজনের তাপমাত্রা মাপা থেকে শুরু সংক্রমণ নিয়ে আগত মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করার জন্য স্মার্ট স্ক্রিন ব্যবহৃত হবে।
সম্প্রতি, খুব শিঘ্রই মক্কার মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববী সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছিলেন এই দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস।
তিনি জানান, আমরা সবাইকে সুসংবাদ দিতে চাই যে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়িই এই মুসিবত কেটে যাবে। আমরা আবার আমাদের সেই তাওয়াফ, সাঈর পুরোনো চেহারায় ফিরে যাব।
আনন্দবাজার/তা.তা








