করোনার কারণে যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক খামারি ও কৃষক আর্থিক সংকটে পড়েছেন। তাই কৃষকদের ভার লাঘবে দেশটির সরকার ১৯শ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।
প্যাকেজটির আওতায় কৃষকেরা সরাসরি ১৬শ কোটি ডলার নগদ অর্থ সহায়তা পাবেন। আর বাকি ৩শ কোটি ডলার দিয়ে তাদের উৎপাদিত মাংস, দুদ্ধজাত পণ্য এবং অন্যান্য শস্য কিনবে সরকার। গতকাল শুক্রবার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে ট্রাম্প এই প্যাকেজ ঘোষণা করেন।
এছাড়াও, তিনি আগামী জুলাই নাগাদ মার্কিন কৃষি বিভাগকে আরও ১৪শ কোটি ডলার বরাদ্দ দেওয়ার কথাও জানান । ট্রাম্প বলেন, এই বরাদ্দ আমাদের কৃষক, পশুপালক এবং খামার মালিকদের সহায়তা করবে এবং তারা সহায়তা পাওয়ার যোগ্য'। গ্রামীণ কৃষক সমাজ ট্রাম্পের মূল ভোটব্যাংক, তাই কৃষকদের সহায়তায় ট্রাম্প বরাবরাই বেশ সচেতন।
এদিকে কৃষকদের কাছ থেকে কিনে নেওয়া পণ্য, ফুড ব্যাংক এবং অন্যান্য সরকারি পুষ্টি সহযোগী উদ্যোগের মাধ্যমে দরিদ্র, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং জ্যেষ্ঠ নাগরিকদের মাঝে বিনামূল্যে বিতরণ করবে মার্কিন সরকার।
আনন্দবাজার/শহক








