ঢাকা ও পশ্চিমাঞ্চলের বিদ্যুতের চাহিদা মেটাতে গ্রিড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে সরকার ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছে ।
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে এ-সংক্রান্ত একটি ঋণচুক্তি সই হয়েছে। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেন।
তাছাড়াও প্রকল্প চুক্তিতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি)পক্ষে প্রধান প্রকৌশলী জামিল আহমেদ ও এডিবির পক্ষ থেকে সই করেন মনমোহন প্রকাশ। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইআরডি সূত্র জানায়, ‘ঢাকা এবং পশ্চিমাঞ্চলীয় গ্রিড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণ’ এই প্রকল্পে মোট খরচ হবে ৭৫০ (পাঁচ হাজার ৯৪৯ কোটি ৯৫ লাখ ২৩ হাজার টাকা) মিলিয়ন মার্কিন ডলার। তারমধ্যে বাংলাদেশ সরকার এডিবির কাছ থেকে ঋণ নেবে ৩০০ মিলিয়ন ডলার। পিপলস রিপাবলিক অব চায়না পভার্টি রিডাকশন অ্যান্ড রিজিওনাল কো-অপারেশন ফান্ড থেকে দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাবে সরকার।
এছাড়াও সহ-অর্থায়নকারী হিসেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেবে সরকার। বাকি ২৪৯ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাকে জোগান দিতে হবে।
আনন্দবাজার/এফআইবি







