দাম না বাড়লে মধু উৎপাদন ছেড়ে দেবে এমনটাই বলছে মধুচাষীরা। কারণ, মৌ চাষ করে তাদের সংসার চলে না। অন্যদিকে মধুর মৌসুমে ৮০ টাকা কেজি দরে মধু কিনে তা ৫শ থেকে ১২শ টাকায় বিক্রি করছে বড় বড় কোম্পানিগুলো।
রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ এগ্রিকালচার রিচার্স কাউন্সিল (বিএআরসি) প্রাঙ্গণে চলা জাতীয় মৌ মেলার মৌ চাষিদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
মৌ চাষিরা বলেন, বড় বড় কোম্পানির কাছে চাষিরা জিম্মি হয়ে আছে। ইতোমধ্যেই অনেকে মৌ চাষ ছেড়ে শুধু মধু বিক্রির ব্যবসা করছেন।
তারা আরও বলেন মৌ চাষ আর মধু বিক্রি করে পেট চলে না। এর চেয়ে চাষিদের কাছ থেকে ৮০ থেকে ৯০ টাকা কেজি দামে মধু কিনে ২০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা যায়।
মেলা ঘুরে দেখা গেছে, আদিল মৌ খামার, সুন্দর বন বি অ্যান্ড হানি ফার্ম, সজীব মৌ খামার, সোনারগাঁও মৌ খামার, মৌচাক এগ্রো ফুড, সলিড মধু, তাওহিদ মধু, আজাদ মোল্লার মধু, আল্লার দান মৌ খামারসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মৌ চাষিরা তাদের উৎপাদিত মধু নিয়ে মেলায় এসেছেন। শুধু মৌ চাষিরাই নন, দেশের নামিদামি ব্র্যান্ডের ৭৪টি স্টলও এসেছে মেলায়।
আনন্দবাজার/তাঅ








