গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড
- তহবিলের আকার ১০০ কোটি টাকা
- প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য দশ টাকা
বাংলাদেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) গঠিত গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। গত বৃহস্পতিবারের সিএমএসএফের চিফ অব অপারেশন (সিইও) মো. মনোয়ার হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঐতিহাসিক মার্চ মাসের শেষ কার্যদিবসে বিএসইসি আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট দলিল এবং বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি অনুমোদন করে।
এই তহবিলের নামকরণ করা হয়েছে ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’। তহবিলের আকার ১০০ কোটি টাকা। যা একটি ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য দশ টাকা। ফান্ডটির ব্যবস্থাপক আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট, হেফাজতকারী ব্র্যাক ব্যাংক এবং বিজিআইসিকে ‘ট্রাস্টি’ হিসাবে অনুমোদন দেয়া হয়।
ফান্ড বিষেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা এমনভাবে সাজানো হয়েছে, যে ফান্ডের আকার কখনোই হ্রাস পাবে না। এটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তিনি সিএমএসএফের একটি অনুষ্ঠানে আরও বলেন, বিশ্বব্যাপী পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড বৃহৎ ভূমিকা পালন করে। কমিশন দেশের মিউচুয়াল ফান্ডের প্রতি সাধারণ জনগণের উৎসাহ বাড়ানোর জন্য কাজ করছে। সুতরাং বিনিয়োগকারীরা ভাল রিটার্ন আশা করতে পারেন।
গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের (জিজেএমএফ) স্বপ্নকে বাস্তবে পরিণত করার অসাধারণ নেতৃত্ব প্রদানের জন্য বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়ত-উল-ইসলাম ও কমিশনারদেরকে ধন্যবাদ জানিয়ে সিএমএসএফের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, সামনের দিনগুলোতে আমাদেরকে বিনিয়োগকারীদের সুবিধার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিধি অনুসারে, সিএমএসএফ তালিকাভুক্ত সিকিউরিটিজ ইস্যুকারীর কাছ থেকে অদাবিকৃত এবং অবণ্টিত নগদ বা স্টক ডিভিডেন্ড, অফেরত পাবলিক সাবস্ক্রিপশনের অর্থ এবং অ-বরাদ্দকৃত রাইট শেয়ার স্থানান্তর করার মাধ্যমে প্রাপ্ত বিনিয়োগকারীদের পক্ষে নগদ এবং স্টকের অভিভাবক হিসাবে কাজ করে। তহবিলে জমা করা নগদ বা স্টক যে কোনো সময়ে শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের দ্বারা যথাযথ দাবির উপর ভিত্তি করে পরিশোধ বা নিষ্পত্তি করা হবে।
সিএমএসএফ তালিকাভুক্ত সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়, অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করা, পুঁজিবাজারের মধ্যস্থতাকারীদের ঋণ প্রদান, তালিকাভুক্ত সিকিউরিটিজ ধার দেওয়া, ধার নেওয়া এবং বিনিয়োগকারীদের দাবির নিষ্পত্তির মাধ্যমে পুঁজিবাজারে তারল্য নিশ্চিত করে। এছাড়া পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সাহায্য করে।








