পেঁয়াজের দামের অস্থিরতা ক্রমেই বাড়তে শুরু করেছে। মাত্র তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। গত শুক্রবার থেকে বাড়তে বাড়তে রবিবার ৬৫-৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
বিক্রেতারা জানান, গত শুক্রবার থেকে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। এরপর শনি ও রবিবার দুই দিনেই খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। প্রথম দফায় শুক্রবার ১০ টাকা, শনিবার ১৫ টাকা এবং রবিবার কেজিতে আরও ৫ টাকা বেড়েছে। তবে আজ সোমবার নতুন করে পেঁয়াজের দাম বাড়েনি।
শুক্রবারের আগে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি ছিল ৪০-৪৫ টাকা। শুক্রবার দাম বেড়ে তা ৫০-৫৫ টাকা হয়। শনিবার ও রবিবার দাম বাড়ার পর বর্তমানে ৬৫-৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে আমদানি করা পেঁয়াজের দাম শুক্রবারের আগে ছিল ২৫-৩০ টাকার মধ্যে। যা এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মালিবাগ হাজীপাড়া বাজারের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, গত বৃহস্পতিবারও দেশি পেঁয়াজ ৪০ টাকায় এবং আমদানি করা পেঁয়াজ ২৫ টাকায় বিক্রি করেছি। কিন্তু শুক্রবার শ্যামবাজারে পেঁয়াজ কিনতে গিয়ে দেখি দাম বেড়েছে। এরপর শনিবার শ্যামবাজারে গিয়ে দেখি পেঁয়াজের দাম আরও বেড়েছে। দাম আরও বাড়তে পারে সেই আশঙ্কায় ১০ বস্তা পেঁয়াজ এনেছি।
তিনি আরও বলেন, রবিবারও (৬ সেপ্টেম্বর) পেঁয়াজের দাম বেড়েছে। গতকাল যারা পেঁয়াজ এনেছে তারা ৬৫ টাকা কেজি বিক্রি করছে। আর বাছাই করা পেঁয়াজের কেজি বিক্রি করছে ৭০-৭৫ টাকা। আমার আগে কেনা তাই ৬০ টাকা কেজি বিক্রি করছি।
খিলগাঁওয়ে বাছাই করা দেশি পেঁয়াজ ৭৫ টাকা কেজি বিক্রি করা মো. মনিরুল ইসলাম বলেন, গত বছর যেভাবে পেঁয়াজের দাম বাড়া শুরু হয়েছিল এবারের লক্ষণও সেরকম। খুব দ্রুত পদক্ষেপ না নিলে আবার পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়তে পারে। ইতোমধ্যে কেজিতে ৩০ টাকা বেড়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস








