বহুল আলোচিত চাঞ্চল্যকর সেনাবাহিনীর চৌকষ কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ সোমবার (৩১ জানুয়ারি)। নির্মম রোমহর্ষক এ হত্যকান্ডের দেড় বছরের মাথায় ঘোষণা হচ্ছে দেশব্যাপি নাড়া দেয়া এ মামলার রায়। সর্বশেষ গত ১২ জানুয়ারি এ মামলার সকল কার্যক্রম শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রায় ঘোষণার জন্য এ দিন ধার্য্য করেছিলেন।
সংশ্লিষ্ট আইনজীবীরা বলেছেন, রায় ঘোষণার তারিখ পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। সব ঠিকঠাক থাকলে আজ (সোমবার) রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত। আদালত সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর ও দেশের স্মরণকালের আলোচিত মামলা হওয়ায় সিনহা হত্যা মামলার কার্যক্রম বেশ গুরুত্ব দিয়ে সম্পাদন করা হয়েছে। ঘটনার দেড় বছর পার হলেও মামলার সাক্ষ্য, জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা, ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক, উভয় পক্ষের সমাপনী বক্তব্যসহ মামলার সকল বিচারিক কার্যক্রম মাত্র ৪০ কার্যদিবসে সমাপ্ত করা হয়েছে। এ নিয়ে বাদি, বাদিপক্ষ ও রাষ্ট্রপক্ষ বেশ সন্তুষ্ট।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করে। ঘটনার পাঁচ দিন পর ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ পুলিশের ৯ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র্যাব। ২০২০ সালের ১৩ ডিসেম্বর প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র্যাব-১৫ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।
আনন্দবাজার/এম.আর








