সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস অভিযোগ তুলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জাতিকে বিভক্ত করার। এখানেই শেষ নয়, ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলেছেন তিনি। এই সাবেক প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার দ্য আটলান্টিকে প্রকাশিত একটি লেখায় এভাবেই ট্রাম্পের প্রতি ক্ষোভ ঝেড়েছেন।
ম্যাটিস ছিলেন ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিরক্ষামন্ত্রী। তিনি গত বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে দ্বিমত পোষণ করে এমন সিদ্ধান্ত নেন তিনি। পাল্টা চিঠিতে তারিখ এগিয়ে দিয়ে ম্যাটিসকে বহিষ্কার করেন ট্রাম্প। এরপর থেকে চুপচাপই ছিলেন ম্যাটিস। তবে তিনি জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে ট্রাম্পের পদক্ষেপ নিয়ে মুখ খুললেন।
দ্য আটলান্টিকে ম্যাটিস বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা না করে উল্টো বিভক্তি সৃষ্টি করছেন। আমার জীবনে এমন প্রেসিডেন্ট দেখিনি।’
এমন পরিস্থিতি তিন বছর ধরে ট্রাম্পের ‘অপরিণত নেতৃত্বের’ ফল বলেও মন্তব্য করেছেন তিনি।
আনন্দবাজার/এস.কে








