>> চাকরি হারিয়ে বিদেশ ফেরাদের ৫ থেকে ৭ লাখ টাকা ঋণ দেবে সরকার >> বিমানবন্দরেই ৫ হাজার টাকা যাতায়াত খরচ পাবেন
করোনায় মৃত প্রবাসীদের পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া করোনা কারণে চাকরি হারিয়ে দেশে ফেরা তাদের ৫ থেকে ৭ লাখ টাকা ঋণ দেবে সরকার।
আজ বুধবার আটকে পড়া প্রবাসীদের ফেরত আনা নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক এই ঘোষণা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, প্রবাসী কোন কর্মী দেশে ফিরে আসার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে ৫ হাজার টাকা যাতায়াত খরচ পাবেন। তাছাড়া এই সংকটময় মুহূর্তে কুয়েতকে সহায়তা করার জন্য কিছু মেডিকেল সরঞ্জাম এবং ওষুধসহ সশস্ত্র বাহিনীর একটি মেডিকেল দল পাঠানো হবে।
এছাড়াও বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশ মালদ্বীপ সরকারের কাছে বেশ কিছু খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং আরো কিছু পণ্য পাঠাচ্ছে। এদিকে খুব শিগগিরই ভুটানে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে। প্রয়োজন মতো অন্যান্য দেশেও এ ধরনের সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শহক







