বাংলাদেশ কৃষক সমিতি আহ্বান জানিয়েছে, পাটকল বন্ধ না করে আধুনিকায়নের মাধ্যমে শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়িয়ে পুনরায় পাটকল চালু করার।
সংগঠনটি জানিয়েছে, বেসরকারি খাতকে উৎসাহিত করতে সরকার পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সরকার কৃষক শ্রমিক করো সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে এ ধরনের প্রতারণামূলক পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পাট কলের সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাটচাষিরা। এছাড়া এরসঙ্গে জড়িত কোটি কোটি মানুষ জীবিকা হারাবে। তাই অবিলম্বে সরকারকে পাট শিল্প, চাষি ও কৃষকদের রক্ষায় এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।
০৪ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পাট শিল্প বাঁচাও, পাট চাষি বাঁচাও রাষ্ট্রায়ত্ত পাট শিল্প বন্ধ করা চলবে না পাট চাষিদের বেকার করা চলবে না’ শীর্ষক এক মানববন্ধনে সংগঠনটি এ আহ্বান জানায়।
বাংলাদেশ কৃষক সমিতির সহ-সভাপতি কাজী সাজ্জাদ হোসেন চন্দনের সভাপতিত্বে মানববন্ধনে বাংলাদেশ কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মানবেন্দ্র দেব, সদস্য আসাদুল্লাহ টিটো, সুকান্ত সফি কমল, নিমাই গাঙ্গুলী, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান মাসুম বক্তব্য দেন।
আনন্দবাজার/এস.কে








