মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে সাক্কারার প্রাচীন সমাধিভূমি থেকে আরও কয়েক ডজন নতুন মমির সন্ধান পাওয়া গেছে। এছাড়াও সেখানে ৫৯টি সারকোফ্যাগাসও পাওয়া গেছে। চলতি বছরে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার।
সাক্কারার প্রাচীন সমাধিভূমি খনন করে এসব মমি খুঁজে পাওয়া গেছে বলে জানা গেছে। গতকাল শনিবার একটি আন্তর্জাতিক প্রেস কনফারেন্সে মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালিদ আল-আনানি কয়েক ডজন দেশের রাষ্ট্রদূতদের সামনে একটি সারকোফ্যাগাস খোলেন। সারকোফ্যাগাস হচ্ছে কফিন যেখানে মমি রাখা হয়।
তিনি জানিয়েছেন, প্রাচীন মিশরের বিস্ময় ফুরিয়ে যায়নি এখনও। কারণ শুক্রবার রাতেই তারা ২৭টি সারকোফ্যাগাস আবিষ্কার করেছেন। এই ৫৯টি কফিনের গঠন দুই হাজার ৬০০ বছর পরও মজবুত রয়েছে। এছাড়া ভেতরের মমির অবস্থাও ভাল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এ ব্যাপারে মিশর সরকার জানায়, গিজার পিরামিডের কাছে নবনির্মিত গ্র্যান্ড ইজিপশিয়ান যাদুঘরে এসব মমি দর্শনার্থীদের জন্য সাজিয়ে রাখা হবে।
আনন্দবাজার/টি এস পি








