নিষেধাজ্ঞা কাটিয়ে চট্টগ্রাম নগরীর চট্টগ্রামের বৃহত্তম মাছের আড়ত ফিশারি ঘাটে ফিরতে শুরু করেছে ইলিশ বোঝাই নৌকা। শতবছরের ঐতিহ্যবাহী এই ঘাটের চারদিকে রূপালি ইলিশের ছড়াছড়ি। প্রায় দুই মাসের ‘নিরবতা’ ভেঙে গতকাল (২৫জুলাই) থেকে কর্মচঞ্চল হয়ে উঠেছে ফিশারি ঘাট।
গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত অর্থাৎ ৬৫ দিন সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন এবং আহরণ নিশ্চিতে সমুদ্রে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা শেষে গত ২৩ জুলাই বৃহস্পতিবার রাতে ইলিশ, লইট্টাসহ নানান ধরনের সামুদ্রিক মাছের খোঁজে ট্রলার, বোট নিয়ে বেরিয়ে পড়েন চট্টগ্রামের প্রায় ৭০০ জেলে।
শুক্রবার (২৩ জুলাই) রাতে প্রথমবারের মতো কিছু জেলে ২৫-৩০টি ইলিশ বোঝাই ট্রলার, ২০-২৫টি লইট্টা মাছ বোঝাই ট্রলার ও ৫টি অন্যান্য সামুদ্রিক মাছ বোঝাই ট্রলার নিয়ে ফিশারি ঘাটে ফিরে আসেন।
শনিবার সকালে ট্রলার থেকে ইলিশসহ এসব সামুদ্রিক মাছ আড়তে নিয়ে আসা হয়। ফিশারি ঘাটে এ দিন ৭০০-৮০০ গ্রামের ইলিশ প্রতি মন ১৮ হাজার, ৫০০-৬০০ গ্রামের ইলিশ প্রতি মন ১৪ হাজার টাকায় এবং এর চেয়ে ছোট ইলিশ প্রতি মন ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
আনন্দবাজার/এম.কে







