শত বছরের অধিক বয়স নিয়েও করোনাভাইরাসকে হারিয়ে দিয়েছেন এক মার্কিন নারী। কভিড-১৯ থেকে সেরে উঠেই বিয়ারে চুমুক দিয়ে সুস্থতা উদযাপন করলেন এই নারী।
টাইমস অব ইন্ডিয়া বলেন, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বাসিন্দা ১০৩ বছরের বৃদ্ধা জেনি স্টেজনাকে হারাতে পারেনি করোনাভাইরাস। জেনির প্রবল প্রাণশক্তির কাছে হার মেনেছে মারাত্তক এই ভাইরাস।
জেনির নাতনি শেলি গান জানিয়েছেন, ‘উনি চিরকালই প্রাণবন্ত ছিলেন। কোনও পরিস্থিতিতে কখনও হার মানেননি।’
তিন সপ্তাহ পূর্বে উইলব্রাহাম লাইফ কেয়ার সেন্টারে প্রথম করোনা আক্রান্ত হন জেনি স্টেজনা। দাদীর অবস্থার অবনতি হওয়ায় শেলি তার স্বামী এবং চার বছরের মেয়ে ভায়োলেটকে নিয়ে চলে আসেন শেষ বিদায় জানাতে। তবে সবাইকে তাক লাগিয়ে দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন জেনি স্টেজনা।
কিন্তু নাতনি বলেন, মৃত্যুকে বিন্দুমাত্র ভয় পাননি তার দাদী। বরং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি স্বর্গে যেতে প্রস্তুত কিনা, উত্তরে জানিয়েছিলেন, তিনি এক্কেবারে তৈরি।
তবে অলৌকিকভাবে ১৩ মে থেকে সুস্থ হয়ে উঠতে শুরু করেন জেনি। শেলির কথায়, ‘আমরা ভীষণভাবে কৃতজ্ঞ।’
করোনাকে জয়কে জেনি স্টেজনা উদযাপন করলেন আইস কোল্ড বিয়ারে চুমুক দিয়ে। বিয়ার তার অনেক প্রিয় হলেও বহুদিন ঠোঁট ছোঁয়াননি এই বৃদ্ধা। কিন্তু এবার আর তাকে কেউ বাধা দিলেন না।
আনন্দবাজার/এফআইবি








