করোনাভাইরাস মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া নানা ব্যবস্থাকে ‘হ-য-ব-র-ল' বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি একটি গোপন টেলিকনফারেন্সে এ মন্তব্য করেন তিনি।
এই ভাইরাসে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ৮০ হাজারেরও বেশি মানুষের প্রাণ হারিয়েছে। এই মহামারি নিয়ন্ত্রণে বেশ কয়েকবারই বিভিন্ন সমস্যার দায় ওবামা প্রশাসনের ঘাড়ে চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন এ নিয়ে তেমন কোনও মন্তব্য করেননি ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী বারাক ওবামা। তবে গত শুক্রবার ওবামা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিন হাজার সদস্যের সঙ্গে টেলিকনফারেন্সে আলাপকালে তার কড়া সমালোচনা করেন তিনি।
আগামী নির্বাচনে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের পক্ষে কাজ করার অনুরোধ জানিয়ে ওবামা বলেন, ‘ আমরা স্বার্থপরতা, জাতিগত বিভক্তি ও একে অপরকে শত্রু ভাবার দীর্ঘমেয়াদী প্রবণতার বিরুদ্ধে লড়তে যাচ্ছি — আমেরিকানদের জীবনে এগুলো শক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। এই একটি কারণেই বৈশ্বিক সংকট মোকাবিলা এতটা ফ্যাঁকাসে ও দাগযুক্ত হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘‘যখন এমন মানসিকতা থাকে — ‘আমার জন্য কী আছে’ আর ‘বাকিদের যা খুশি হোক’— যখন এমন মানসিকতায় আমাদের সরকার পরিচালিত হয়, এটি এক চরম বিপর্যয়।’’
ফাঁস হওয়া এ ফোনালাপের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ওবামার অফিস।
আনন্দবাজার/শহক








