মহামারি করোনা ভাইরাসের কারণে মাত্র দশ হাজার মুসল্লি এবছর হজ পালনের সুযোগ পেয়েছে। পুরোপুরি সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে হজের আচার-বিধি পালন করতে হবে। এবারের হজকে তাই অনেকেই বিরল হজ বলে অভিহিত করেছেন।
নতুন নিয়ম-নীতি, নানা ঘটনা ও পরিস্থিতির সাক্ষী হবেন এবারের হাজিরা। এরই মধ্যে দীর্ঘদিনের রীতি অনুযায়ী হজের দিন পবিত্র কাবার গিলাফ ‘কিসওয়া’ বদলানোর রীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে হারামাইন প্রেসিডেন্সি।
নতুন ঘোষণা অনুযায়ী এবার আর হজের দিন কাবা শরিফের গিলাফ পাল্টানো হবে না। এবার গিলাফ বদলানো হবে, ৮ জিলহজ (২৯ জুলাই) হজের আগের রাতে এশার নামাজের পর। তবে গিলাফ বদলাতে বদলাতে সকাল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
ইতোমধ্যেই কাবা শরিফের নতুন গিলাফ হস্তান্তর করা হয়েছে। খাদেমুল হারামাইন শরিফাইন ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল কাবা শরিফের জন্য তৈরিকৃত নতুন গিলাফটি কাবার সিনিয়র তত্ত্বাবধায়ক শায়খ সালেহ বিন জায়নুল আবেদিনের কাছে হস্তান্তর করেছেন।
আনন্দবাজার/তা.তা








