সিঙ্গেলস ডে অর্থাৎ ১১/১১-তে ৩৮ বিলিয়ন ডলার (৩৮০০ কোটি ডলার) সমমূল্যের পণ্য বিক্রি করেছে আলিবাবা। গত বছর সিঙ্গেলস ডে তে তাদের আয় ছিলো ৩০ বিলিয়ন ডলার। যা এবার মাত্র সাড়ে ১৬ ঘণ্টায় আয় করে আলিবাবা। গত বছরের চেয়ে এবছর আলিবাবার আয় বৃদ্ধি পেয়ছে ২৫ শতাংশ।
২৪ ঘণ্টাব্যাপী এই শপিং ইভেন্ট শুরুর প্রথম ঘণ্টাতেই আলিবাবা আয় করে ১২ বিলিয়ন ডলার। এবার বিক্রি বাড়াতে আলিবাবার মালিকানাধীন অনলাইন শপিং ওয়েবসাইট তাওবাও ও টিমলেতে লাইভস্ট্রিমিং ভিডিওর মাধ্যমে পণ্য বিক্রি করা হয়। কিছু লাইভ স্ট্রিমিংয়ে অংশ নেন তারকারাও। বর্ণনা করেন পণ্যের গুণাগুণ সম্পর্কে।
যুক্তরাষ্ট্রের তারকা কিম কাদারশিয়ান লাইভ স্ট্রিমিংয়ে এসে জানান, টিমলেতে তার পারফিউম ব্র্যান্ড কেকেডাব্লুর পণ্য পাওয়া যাচ্ছে। সংবাদ মাধ্যম ফোবর্স জানায়, আলিবাবার প্ল্যাটফর্ম থেকে সিঙ্গেলস ডের ইভেন্টে অংশ নিয়েছিলো প্রায় ২ লাখ ব্র্যান্ড। যেখানে নতুন পণ্য ছিলো ১০ লাখ।
নতুন স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হুয়াওয়ে মেট ৩০ প্রোয়ের ফাইভজি সংস্করণ। তবে সর্বাধিক বিক্রিত ফোনের তালিকায় জায়গা করে নিয়েছে আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্স।
সিঙ্গেলস ডে আসলে অ্যান্টি-ভ্যালেন্টাইনস ডে। এ নিয়ে ১১তম বারের মতো সিঙ্গেলস ডে শপিং ইভেন্টের আয়োজন করলো আলিবাবা।
আনন্দবাজার/শাহী








