পরবর্তী মহামারি ভাইরাস আঘাত হানতে পারে অ্যামাজন বন থেকে। এমনটাই দাবি করে বিশ্ববাসীকে সতর্ক করেছেন ব্রাজিলের পরিবেশবিদ ডেভিড লাপোলা। ডেভিড লাপোলার ধারণা প্রাণীর আবাসস্থলে মানুষের আক্রমনের কারণেই করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছে।
অ্যামাজনে যেভাবে বন উজার করা হচ্ছে এতে শীঘ্রই আরেকটি মহামারি দেখা দিতে পারে বলে জানিয়েছেন ডেভিড লাপোলা। গবেষকরা বলছেন, বন্য অঞ্চলে নগরায়ন করলে প্রাণী থেকে বিভিন্ন রোগ মানুষের মধ্যে ছড়াতে পারে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, বাদুড়ের মধ্যেই নতুন করোনাভাইরাসের সৃষ্টি হয়েছিল। যা অন্য কোন প্রাণীর মাধ্যমে মানুষের দেহে পৌঁছেছে।
ব্রাজিলিয়ান পরিবেশবিদ ডেভিড লাপোলা বলেন, অ্যামাজন অনেক বিশাল ভাইরাসের ঘাঁটি। আপনি যখন পরিবেশগত বৈষম্য তৈরি করবেন তখনই একটি ভাইরাস সামনে চলে আসতে পারে। আমাদের উচিৎ হবে ভাগ্যকে পরীক্ষা না করা।
ব্রাজিল ন্যাশনাল স্পেস রিসার্চ ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অ্যামাজনের ব্রাজিলিয়ান অংশের ১ হাজার ২০২ বর্গ কিলোমিটার এলাকায় বন উজার করা হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস








