আগামী তিন নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তার তীব্র প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। এবারের নির্বাচনে ট্রাম্পকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন বাইডেন।
বাইডেন বলেন, ট্রাম্প গত চার বছরে দেশ ও দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। তিনি আমেরিকানদের ব্যর্থতার জন্য দায়ী।
মিশিগানের ডেট্রয়েটে এক নির্বাচনী সমাবেশে বাইডেন বলেন, যে প্রেসিডেন্ট জাতির মধ্যে বিভেদ তৈরি করেছেন, জাতিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং দেশে ঘৃণা ছড়িয়েছেন তিনদিনের মধ্যেই আমরা তার সমাপ্তি ঘটাতে পারি।
তিনি আরও বলেন, তিনি এই নির্বাচনে বেশ আশাবাদী যে, আমেরিকানরা ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য এবার ভোট দেবেন। তিনি বলেন, লাখ লাখ আমেরিকান এর মধ্যেই ভোট দিয়েছেন। আরও কয়েক লাখ মানুষ সামনের দিনগুলোতে ভোট দেবেন।
বাইডেন বলেন, আপনাদের জন্য আমার একটি সহজ বার্তা হচ্ছে, এই দেশের শক্তি পরিবর্তনের ক্ষমতা আপনাদের হাতে। ডোনাল্ড ট্রাম্প কিভাবে চেষ্টা করেছেন সে বিষয়ে আমি মাথা ঘামাই না। এই দেশের জনগণকে ভোট দেওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না।
ট্রাম্পকে কটাক্ষ করে বাইডেন বলেন, এখন ট্রাম্পের সময় শেষ। তার ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় এসেছে। বিশৃঙ্খলা, টুইট, ক্ষোভ, ঘৃণা, ব্যর্থতা, দায়িত্বহীনতায় আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি।
তিনি আরও বলেন, আমাদের অনেক কাজ করার আছে। আমি যদি আপনাদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হই তবে আমরা এসব কাজ করব। আমরা করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে কাজ করে যাব।
আনন্দবাজার/টি এস পি








