চীন ও মঙ্গোলিয়ার পর এবার বুবোনিক প্লেগ আতঙ্ক ছড়িয়েছে রাশিয়ায়। স্থানীয় প্রশাসন গতকাল বুধবার মঙ্গোলিয়া লাগোয়া দুর্গম পূর্বাঞ্চলে ইঁদুর জীতীয় প্রাণীদের উপরে টেস্ট শুরু করেছে বলে জানা গেছে। এই প্রাণীগুলো বুবোনিক প্লেগের ব্যাকটেরিয়া বহন করছে কি না, এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য এই তৎপরতা চালাচ্ছে রাশিয়া।
রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার অঞ্চলের বুরটিয়া মঙ্গোলিয়া সীমান্তে অবস্থিত। রাশিয়ার খাদ্যের মান নিয়ামক সংস্থা রোস্পোট্রেবনাডজোর জানায়, এই অঞ্চলে ইঁদুর জাতীয় প্রাণী মুখ্যত মারমোটদের উপরে টেস্ট শুরু হয়েছে।
জানা যায়, গত সপ্তাহে মঙ্গোলিয়ায় দু'টি বুবোনিক প্লেগের ঘটনা ধরা পড়ার পর ইঁদুর জাতীয় প্রাণী শিকার বা মাংস না খাওয়ার জন্য সাইবেরিয়া অঞ্চলর বাসিন্দাদের কাছে আবেদন করে প্রশাসন।
রোস্পোট্রেবনাডজোর জানায়, প্লেগের অ্যান্টিজেন শনাক্ত করতে ২০২০ সালে যতগুলো মারমোটের টেস্ট করা হয়েছে, প্রতিটিই নেগেটিভ রেজাল্ট এসেছে। যদিও এখনই সম্পূর্ণ আশ্বস্ত হতে নারাজ প্রশাসন। তাই মারমোটের মাংস না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।
বুবোনিক প্লেগ এমন একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যার সঠিক সময়ে চিকিৎসা না হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির এতে মৃত্যু পর্যন্ত হতে পারে।
আনন্দবাজার/টি এস পি








