ঈদের পর কমেছে মাছ, মুরগি ও সবজির দাম। বাজারে টমেটো এবং পেঁপে ছাড়া সব ধরণের সবজি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে মাছের দাম। তবে কিছুটা বাড়তি রয়েছে ছোট মাছের দাম। অপরিবর্তিত আছে পেঁয়াজ, রসুন, আদা, ডিম, চাল, ডাল ও তেলের দাম।
বাজারে অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। এখন প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা, মহিশের মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা, বকরি ৭৫০ টাকা।
তবে কমেছে মুরগির দাম। কেজিতে ৩০ টাকা কমে বর্তমানে প্রতিকেজি বয়লার বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে। কেজিতে ২০ টাকা কমে প্রতিকেজি লেয়ার বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা, সাদা লেয়ার ১৭০ থেকে ১৮০ টাকা। কেজিতে ৩০ থেকে ৫০ টাকা কমে প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা কেজিদরে।
এখন প্রতিডজন লাল ডিম বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা, দেশি মুরগির ডিম ১৪০ টাকা, সোনালি মুরগির ডিম ১২০, হাঁসের ডিম ১১০ থেকে ১২০ টাকা, কোয়েল প্রতি ১০০ পিস ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মালিবাগ বাজারের একজন বিক্রেতা বলেন, আমাদেরও অনেক জিনিস আগেই কেনা আছে। নতুন জিনিস বাজারে যেগুলো আসছে তার দামও কিছুটা কম। আর সবজির বাজার সব সময় ওঠা-নামার মধ্যে থাকে। জিনিস বেশি হলে দাম কমে, জিনিস কম এলে দাম বেড়ে যায়। কাঁচামালের দাম এক থাকে না।
একজন মুরগি বিক্রেতা বলেন, পাইকারি বাজারে এখন জিনিসের সরবরাহ বেড়েছে তাই দাম কমেছে। পাইকারি বাজার থেকে আমরা কম দামে এনে কম দামেই বিক্রি করছি। ওখানে দাম কমলে খুচরায় দাম কমে যায়।
আনন্দবাজার/টি এস পি








