সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষ হলো পতন দিয়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ৬০ শতাংশ কোম্পানির দরপতন হয়, মাত্র ৩০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ডিএসইর মোট লেনদেনের ৫০ শতাংশ সীমাবদ্ধ ছিল ওষুধ, রসায়ন, বস্ত্র ও প্রকৌশল খাতে।
মোট লেনদেনের ২০ শতাংশ ছিল ওষুধ ও রসায়ন খাতের দখলে। এ খাতে দর বেড়েছে ৫৩ শতাংশ কোম্পানির।
ওরিয়ন ফার্মার লেনদেন হয় আট কোটি ৩৯ লাখ টাকা। দরপতন হয় এক টাকা ৭০ পয়সা। বীকন ফার্মার লেনদেন হয় সাত কোটি ৬৫ লাখ টাকা। দর বেড়েছে পাঁচ টাকা ৬০ পয়সা। ওরিয়ন ইনফিউশনের লেনদেন হয় সাড়ে সাত কোটি টাকা। দরপতন হয় তিন টাকা ২০ পয়সা। পৌনে আট শতাংশ বেড়ে সেন্ট্রাল ফার্মা ও সাড়ে সাত শতাংশ বেড়ে বীকন ফার্মা দরবৃদ্ধির শীর্ষ দশে উঠে আসে। বস্ত্র খাতে লেনদেন হয় ১৬ শতাংশ। সোয়া ৯ শতাংশ বেড়ে এমএল ডায়িং ও সাত দশমিক ৭১ শতাংশ বেড়ে এপেক্স স্পিনিং দরবৃদ্ধিতে পঞ্চম ও নবম অবস্থানে উঠে আসে। প্রকৌশল খাতে লেনদেন হয় ১৪ শতাংশ। নাহি অ্যালুমিনিয়ামের সাত কোটি ৯৩ লাখ টাকা লেনদেন হয়, দর বেড়েছে তিন টাকা। প্রায় ১০ শতাংশ বেড়ে বিবিধ খাতের সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে। জ্বালানি খাতের বি ক্যাটেগরির সিভিও পেট্রো কেমিক্যালের সাত কোটি ৬১ লাখ টাকা লেনদেন হয়, দর বেড়েছে ১২ টাকা ২০ পয়সা।
আনন্দবাজার/ টি এস পি








