কোকো উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ স্থানে রয়েছে আইভরি কোস্ট। প্রতিবারের ন্যায় এবারো চলতি বছরের নভেম্বর থেকে দেশটিতে শুষ্ক মৌসুম শুরু হয়েছে। যা চলবে আগামী মার্চ পর্যন্ত। এদিকে কম বৃষ্টিপাত হওয়ার কারণে দেশটির কোকো উৎপাদন এখন মারাত্মক হুমকির মুখে রয়েছে। এমন অবস্থায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে বৃষ্টির আশা করছেন কৃষকরা।
কৃষকরা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ভারি বৃষ্টিপাত হওয়ার কারণে মাটির আর্দ্রতা এখন অনেক বেশি। তবে ডিসেম্বর মাসে কোকো উৎপাদনের জন্য ভালো বৃষ্টিপাত প্রয়োজন। আইভরি কোস্টের মধ্যে কোকো উৎপাদনের জন্য পশ্চিম আইভরি কোস্ট সবচেয়ে বেশি খ্যাত। পসছিম আইভরি কোস্টের সওবিরি এলাকার কৃষক কফি কৌমি জানান, যদি ডিসেম্বরে ভালো বৃষ্টিপাত হয়, তাহলে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত উৎপাদন ভালো হবে।
কৃষকরা জানিয়েছেন, শুষ্ক আবহাওয়ার মধ্যে লড়াই করে টিকে থাকার জন্য কোকো গাছগুলোর চলতি মাসে প্রতি সপ্তাহে অন্তত একবার ভারি বৃষ্টিপাত প্রয়োজন। এছাড়া মৌসুমি বায়ুর কারণে সাহারার বালুতে গাছগুলো ঢেকে যায়, যা কোকোর গুটি নষ্ট করে দিতে পারে। মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের ডালোয়াতের কৃষক জোয়েল কাঙ্গা জানান, মৌসুমি বায়ুর প্রভাব আরো বেশি হলে জানুয়ারির পর থেকে কোকো বিন উৎপাদন ধীরে ধীরে কমতে থাকবে।
আনন্দবাজার/শাহী








