- পরিচয় গোপন রেখেই অভিযোগ
- বিএফআইইউ’র স্বতন্ত্র ওয়েবসাইট উদ্বোধন
মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) স্বতন্ত্র ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। গত ৭ মার্চ বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ওয়েবসাইটটির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা জনাব মো. মাসুদ বিশ্বাস। এর পরপরই তা জনসাধারণের জন্য উম্মুক্ত করে দেয়া হয়।
সংশ্লিষ্টদের সম্পৃক্তকরণ ও অবহিতকরণের জন্য একটি নিজস্ব ওয়েবসাইট অনেক সহায়ক হবে বিবেচনায় বিএফআইইউ এর জন্য স্বতন্ত্র এ ওয়েবসাইটটি প্রস্তুত করা হয়েছে। এদের মধ্যে রয়েছে বিএফআইইউ এর কার্যক্রমে রিপোর্ট প্রদানকারী সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগসহ সাধারণ জনগণের এবং দেশের বাইরের বিভিন্ন অংশীজন।
বিএফআইইউ এর কাজের ধরণ ও সংক্ষিপ্ত বর্ণনা, বিভিন্ন সময়ে জারীকৃত সার্কুলার, সার্কুলার লেটার ও গাইডেন্স নোটস, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন কার্যক্রমের সাথে যুক্ত বিভিন্ন কমিটি, বিএফআইইউ কর্তৃক আয়োজিত পূর্ববর্তী ও আসন্ন বিভিন্ন প্রোগ্রাম সম্বলিত ওয়েবসাইটটিতে সংযোজিত হয়েছে আকর্ষণীয় নিউজ ও কমপ্লায়েন্ট পোর্টালসহ সময়োপযোগী আরও নানান ফিচার।
এখন থেকে সাধারণ মানুষ কমপ্লায়েন্ট পোর্টালের মাধ্যমে অবৈধ অর্থ-সম্পত্তির গোপন উৎস, অবৈধ ব্যবহার, মাদক চোরাচালান, জঙ্গিবাদ, সন্ত্রাসসহ নানামাত্রিক অপরাধ বিষয়ক অভিযোগ বিএফআইইউ বরাবর দাখিল করতে পারবে। এক্ষেত্রে চাইলেই নিজের পরিচয় গোপন রেখেই এসব অভিযোগ করা যাবে। এছাড়া, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএফআইইউ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ ওয়েবসাইটের নিউজ এন্ড ইভেন্ট অংশে প্রদর্শন করা হবে, যা বিভিন্ন অংশীজনসহ জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
এছাড়া ওয়েবসাইটটিতে সন্নিবেশ করা হয়েছে, সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিচিতিসহ ওয়েব লিংক। যা মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক বিধি-বিধানসহ অন্যান্য বিষয় সম্পর্কে স্টেকহোল্ডারদের আপডেট রাখতে সহায়তা করবে। অপরদিকে, বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো মানিলন্ডারিং প্রতিরোধে বিএফআইইউ-এর গৃহীত হালনাগাদ পদক্ষেপসমূহের বিষয়ে সহজেই অবহিত হতে পারবে, যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে একটি পৃথক পেইজ হিসেবে বিএফআইইউ-এর ওয়েব কন্টেন্ট প্রদর্শিত হচ্ছিল। মানিলন্ডারিং প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশে ২০০২ সালে মানিলন্ডারিং প্রতিরোধ আইন জারী করা হয়। একইসাথে উক্ত কার্যক্রম ফলপ্রসূ করতে ২০০২ সালের জুলাই মাসে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ২০১২ সালে বর্ণিত বিভাগটি একটি পৃথক সংস্থা হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নামে আত্মপ্রকাশ করে।








