বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) মহাপরিচালক মি. লি ইয়ং। আগামী ৩-৫ মার্চ তিনি বাংলাদেশ সফর করবেন বলে জানা যায়। বাংলাদেশ মিশন, ভিয়েনা এবং ইউনিডোর ঢাকা কার্যালয়ের তথ্যানুসারে এ তথ্য নিশ্চিত করেছে শিল্প মন্ত্রণালয়। আরও জানা যায়, ইউনিডোর মহাপরিচালকের ৬ মার্চ ভোরে ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগের কর্মসূচি রয়েছে।
সূত্রমতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়াও তিনি শিল্প, পররাষ্ট্র, মত্স্য ও প্রাণিসম্পদ, অর্থ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
জানা যায়, তিনি টেক্সটাইল, শিপবিল্ডিং, ফার্মাসিউটিক্যালসহ বাংলাদেশের উদীয়মান শিল্প খাত সম্পর্কে সরেজমিন ধারণা নেবেন। পাশাপাশি তিনি বিএসটিআই পরিদর্শন করবেন এবং প্রতিষ্ঠানের মেট্রোল্যাব ফ্যাসিলিটি স্ব-শরীরে ঘুরে দেখবেন।
আনন্দবাজার/শাহী








