আমের মুকুল এবার চাঁপাইনবাবগঞ্জে এ দেরিতে আসলেও বাগানগুলোতে এখন মুকুলের মৌ মৌ গন্ধ। এই সময়ে মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগানমালিক ও আম চাষীরা।
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ চারপাশ। জানা যায়, দুই সপ্তাহ আগে মুকুল আসার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে এবার দেরিতে এসেছে। তবে সামনের দিনগুলোতে আবহাওয়া ভালো থাকলে কম মুকুলেই আমের ভাল ফলনের আশা করছেন বাগান মালিকরা।
এদিকে ঘন কুয়াশার কারণে দেরিতে মুকুল আসায় বাগানগুলোতে মুকুল নষ্টকারী ক্ষুদি ও হপার পোকা দমন করার জন্য কীটনাশক, সার, গাছের গোড়াতে পানি এবং স্প্রে করছেন শ্রমিকরা।
আমের মুকুল কম আসায় এবার সঠিক লক্ষ্যমাত্রা অর্জন না হলেও আমের উৎপাদন ভালো হবে বলে মনে করে কৃষি বিভাগ। পোকা মাকড় দমনে চাষীদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে ৩১ হাজার ৮২০ হেক্টর জমি জুড়ে আম বাগান রয়েছে। বাগানগুলোতে এখন পর্যন্ত ৭০ থেকে ৭৫ ভাগ মুকুল দেখা দিয়েছে।
আনন্দবাজার/শাহী








