- দু’দেশের মন্ত্রী পর্যায়ে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক
বাংলাদেশের রেল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে স্পেন। গতকাল রবিবার রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো বেনিতেজের সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানায় দেশটি। এ বিষয়ে একটি এমওইউ সইয়ের প্রস্তাব দিয়েছে দেশটির ট্রান্সপোর্ট মোবিলিটি ও আরবান এজেন্ডা (পরিবহন) মন্ত্রী।
দুই দেশের মন্ত্রী পর্যায়ে প্রথমবার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে রেলমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরার পাশাপাশি রেল খাতে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি স্পেনকে বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আহ্বান জানান। স্পেনের পরিবহনমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে রেল খাত সম্পর্কে আরও জানার আগ্রহ প্রকাশ করেন।
রেল মন্ত্রণালয় সূত্রমতে, মন্ত্রী ও রাষ্ট্রদূতের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে লোকোমোটিভ সরবরাহ, ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রাকশন, ভাঙা থেকে পায়রা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। এছাড়া রেলের উন্নয়নে স্বল্প সুদে ঋণ দিতে তার দেশ আগ্রহী বলেও জানান রাষ্ট্রদূত।
পাশাপাশি স্পেনের টালগো কোম্পানি বাংলাদেশ রেলওয়েতে দেয়া প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান ট্রাকে হাই স্পিড ট্রেন পরিচালনা করা সম্ভব কি-না সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে সহযোগিতা কামনা করেন।
এ সময় রেলপথমন্ত্রী বলেন, বর্তমান সরকার ইউরোপীয় প্রযুক্তিগত জ্ঞান বাংলাদেশ রেলওয়েতে সন্নিবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি দেশের টেকসই উন্নয়নের জন্য ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার রেলওয়েকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। আমাদের দেশ ব্রডগেজ ও মিটারগেজ দ্বারা দুই ভাগে বিভক্ত। আমরা সমস্ত দেশকে ব্রডগেজ এর আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি।
মন্ত্রী বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগে স্পেনের আগ্রহের জন্য ধন্যবাদ জানান। এজন্য আন্তর্জাতিক বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মঞ্জুরুল আলম চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান।
স্পেনের টালগো কোম্পানি মূলত ডিজেল, ইলেকট্রিক এবং উভয় মোডের হাই স্পিড ট্রেন ডিজাইন ও প্রস্তুত করে থাকে। গত বছরের ১ ডিসেম্বর রেলপথমন্ত্রী স্পেনের ফ্যাক্টরি পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশ রেলওয়েতে তাদের ট্রেন পরিচালনার বিষয়ে তারা একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।








