প্রযুক্তির কল্যাণে এগিয়ে যাচ্ছে সমগ্র বিশ্ব। তারই ধারাবাহিকতায় আজকাল রেল লাইনেও চলতে দেখা যায় ট্রাক। জানা যায়, সাধারণত ট্রাক চলাচল করে স্থলপথে। এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল পরিবহনের জন্য স্থলপথের অন্যতম গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে ট্রাক। বিজ্ঞানের কল্যাণে সেই ট্রাকেই এবার জুড়ে দেওয়া হয়েছে ট্রেনের চাকা। আর তাতেই ট্রাকটির চলাচলের পথ হয়ে উঠেছে রেল লাইন। রেল পথেই ট্রাকটি মালামাল পরিবহন করছে।
আশ্চর্যরকমের দৃশ্যটির সাক্ষী হয়েছে গাজীপুরের মানুষ। টঙ্গী রেলওয়ে জংশন থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত চলছে রেল লাইনের ডাবল লাইনের উন্নতির কাজ। আর এ পথেই ডাবল লাইনের গুরুত্বপূর্ণ মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছে এ অত্যাধুনিক প্রযুক্তির ট্রাক। রেল লাইনের স্লিপার, ক্লিপ ও অন্যান্য যন্ত্রপাতি দ্রুততার সঙ্গে পরিবহনের জন্য এটি ব্যবহৃত হয়। পাশ^বর্তী দেশ ভারতেও এরকম ট্রাকের ব্যবহার শুরু হয়েছে বহু আগে থেকেও। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও শুরু হয়েছে এ অদ্ভুত ট্রাকের ব্যবহার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এমনই চিত্র ভাইরাল হয়েছে রেল লাইনে ট্রাক চলাচলের ছবি এবং ভিডিও। এ রকম ভিন্নধর্মী চিন্তা ভাবনাকে সাধুবাদ জানিয়েছে নেটিজেনরা। তবে রেল লাইনে ট্রাক চলতে দেখে সাধারণ মানুষ তো একেবারেই অবাক!
এমন দৃশ্য দেখে বিশেজ্ঞরা মনে করছেন, বিশেষ প্রযুক্তির ট্রাক ব্যবস্থাপনায় আলাদা রেলপথে ঢাকার কমলাপুর থেকে জেলা শহরগুলোতে স্বল্প সময়ে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরণের মালামাল পরিবহন সম্ভব।








