চলতি বিপণন মৌসুমের জন্য ভারতের গম রফতানির পূর্বাভাস বাড়িয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। সংস্থাটির ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক শীর্ষক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
২০২১-২২ বিপণন মৌসুমে ভারতের গম রফতানির পরিমাণ দাঁড়াবে ৫০ লাখ টন। ইউএসডিএর পূর্ববর্তী পূর্বাভাসের তুলনায় নতুন পূর্বাভাসে ভারতের গম রফতানির পরিমাণ ১০ লাখ টন বাড়ানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাজারে গমের স্থিতিশীল মূল্য এবং উল্লেখযোগ্য পরিমাণ রফতানিযোগ্য গম উদ্বৃত্ত থাকায় রফতানির বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি বছর ভারতীয় গমের প্রত্যাশিত মোট রফতানির পরিমাণ ২০২০-২১ বিপণন মৌসুমের তুলনায় দ্বিগুণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইউএসডিএ জানায়, ভারতীয় গমের উল্লেখযোগ্য ক্রেতাদের মধ্যে রয়েছে নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ।
চলতি মৌসুমের রেকর্ড পরিমাণ গম উৎপাদনের আশা করছে ভারতের কৃষি খাত। ২০২১-২২ মৌসুমে দেশটির মোট উৎপাদিত গমের পরিমাণ ১০ কোটি ৯৫ লাখ টন দাঁড়াতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে, যা গত মৌসুমের মোট উৎপাদিত গমের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি। একই সময়ে দেশটিতে গমের ব্যবহার ১০ কোটি ৪৫ লাখ টন দাঁড়াতে পারে বলে জানায় ইউএসডিএ।
আনন্দবাজার/শহক








