করোনা শনাক্তের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। টানা চারদিন ১৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। তা ছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। গত বছরের ২৪ জুলাই শনাক্তের সর্বোচ্চ হার ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪৪০ জন। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো নতুন শনাক্ত ১৫ হাজারের বেশি। ২৭ জানুয়ারি ১৫ হাজার ৮০৭ জন, ২৬ জানুয়ারি ১৫ হাজার ৫২৭ জন ও ২৫ জানুয়ারি ১৬ হাজার ৩৩ জন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদফতর।
নতুন শনাক্ত হওয়া ১৫ হাজার ৪৪০ জনকে নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৩০৮ জনের মৃত্যু হলো বলেও জানাচ্ছে অধিদফতর।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৬ হাজার ২৯২টি। পরীক্ষা করা হয় ৪৬ হাজার ২৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। চট্টগ্রামে ৯ জন মারা গেছেন। এছাড়া রাজশাহীতে ২, বরিশালে ১, সিলেটে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
আনন্দবাজার/এম.আর








