ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। এবার বসতে চলেছে উৎসবের ১২তম আসর। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য এই উৎসব চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত।
এবারের উৎসবে ৬০টি দেশের প্রায় ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে নেটপ্যাক জুরি বোর্ডের আওতায় এশিয়ান সিনেমা সেকশনে প্রতিযোগিতা বিভাগে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‘আমরা একটা সিনেমা বানাবো’। সম্প্রতি গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির।
জানা যায়, উৎসবে ‘আমরা একটা সিনেমা বানাবো’ চলচ্চিত্রটি লড়াই করবে ১১টি চলচ্চিত্রের সঙ্গে। ব্যাঙ্গালুরুর রাজাজীনগরের ওরিয়ন মলে অবস্থিত পিভিআর সিনেমার ১১টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে এবারের চলচ্চিত্রগুলো। এছাড়া বাংলাদেশের সাদাকালো সিনেমাটি প্রদর্শিত হবে ৩ বার।
সম্পূর্ণ সাদাকালো ফরমেটে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, মাসুম আজিজ, প্রাণ রায়সহ অনেকেই। এই চলচ্চিত্রটি নির্মাণ করতে ৮ বছর ধরে প্রায় ১৭৬ দিন শুটিং করা হয়। দীর্ঘ ২১ ঘণ্টা দৈর্ঘ্যের ‘আমরা একটা সিনেমা বানাবো’ চলচ্চিত্র ইতিহাসের দীর্ঘতম চলচ্চিত্র।
এর আগে হংকং, কানাডা, ক্রোয়েশিয়া, কলম্বিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ ১০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এ সিনেমাটি।
আনন্দবাজার/শাহী








