ক্রেডিট কার্ড ছাড়া অন্য সব ঋণের সুদহার ৯ শতাংশ বাস্তবায়নের জন্য পুরনো সার্কুলার বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৩১ আগস্ট) এ বিষয়ে নতুন একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নতুন সার্কুলার জারির মধ্য দিয়ে ব্যাংকগুলোকে সব ধরনের ঋণের সুদহার ৯ শতাংশ বাস্তবায়নের জন্য ‘কড়া বার্তা’ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।
তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি এক সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোকে ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ব্যতীত অন্য যে কোনো ঋণের সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ২০১৮ সালের ৩০ মের একটি সার্কুলারের ব্যাখ্যা দিয়ে কোনো কোনো ক্ষেত্রে ৯ শতাংশ সুদহার বাস্তবায়নে গড়িমসি করছিল কিছু ব্যাংক। সে কারণেই ২০১৮ সালের ৩০ মের সার্কুলারটি বাতিল করা হয়েছে। যে কোনো মূল্যে ঋণের সুদহার এক অংকে (১০ শতাংশের নিচে) নামিয়ে আনতেই এটা করা হয়েছে।
সোমবারের নতুন সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলো কর্তৃক নতুন ঋণ মঞ্জুরি ছাড়াও বিদ্যমান ঋণ হিসাবগুলোতেও অযৌক্তিক মাত্রায় উচ্চতর সুদহার নির্ধারণ রোধ, ঋণ শৃঙ্খলা বজায় রাখা এবং নতুনভাবে খেলাপি ঋণ সৃষ্টির ঝুঁকি এড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ৩০ মে’র সার্কুলারে কতিপয় নির্দেশনা প্রদান করা হয়েছিল।
এতে আরও বলা হয়, এক্ষণে গত ২৪ ফেব্রুয়ারি জারি করা সার্কুলারের মাধ্যমে ১ এপ্রিল হতে ক্রেডিট কার্ড ব্যতীত অন্যান্য সকল অশ্রেণিকৃত ঋণের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করার প্রেক্ষাপটে ২০১৮ সালের ওই সার্কুলালের সব নির্দেশনা রহিত করা হল।
আনন্দবাজার/ডব্লিউ এস








