সম্প্রতি কৃষিপণ্যের রফতানিতে কানাডার সহযোগিতা কামনা করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বিশেষ করে দানাদার জাতীয় খাদ্যে। তাই সরকারের এখন মূল উদ্দেশ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণ করে লাভবান করা। এজন্য প্রয়োজন এগ্রো-প্রসেসিং এবং কৃষিপণ্যের রফতানি বাড়ানো। বাংলাদেশ বর্তমানে এই দুইক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। তাই এগ্রো-প্রসেসিং যান্ত্রিকীকরণ এবং কৃষিপণ্যের রফতানিতে কানাডার সহায়তা চায় বাংলাদেশ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে অনলাইনে (জুম প্ল্যাটফর্ম) কানাডার কৃষি এবং কৃষি-খাদ্য মন্ত্রী ম্যারি-ক্লদে বিবেউয়ের সাথে বৈঠক করে বাংলাদেশের কৃষিমন্ত্রী এ আহ্বান জানান। বৈঠকে দুদেশের কৃষিখাত, এগ্রো-প্রসেসিং এবং ট্রেড নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহায়তার ব্যাপারে আলোচনা হয়।
আজ বুধবার (৮ জুলাই) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. রাজ্জাক আরও বলেন, কানাডা বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র। কানাডায় মৌসুমি কৃষি শ্রমিকের প্রচুর চাহিদা আছে। বাংলাদেশে কৃষি ডিপ্লোমাধারী অনেক দক্ষ জনশক্তি রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে মৌসুমি এবং অস্থায়ী ভিত্তিতে এসব কর্মীকে কৃষি শ্রমিক হিসাবে কানাডা নিতে পারে। এতে দুদেশই উপকৃত হতে পারে। এছাড়া বাংলাদেশের কৃষি বিজ্ঞানী, গবেষক এবং টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে বলেছেন কৃষিমন্ত্রী।
আনন্দবাজার/এইচ এস কে








