যুব বিশ্বকাপে চমক দেখিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। শক্তিশালী শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে নাম লেখালেন তারা। বৃহস্পতিবার রাতে এন্টিগায় টান টান উত্তেজনার ম্যাচে শ্রীলংকাকে ৪ রানে হারায় আফগানরা।
প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক সুলেমান সাফি ১ এবং মিডলঅর্ডার ব্যাটার ইজান আহমেদ শূন্য রানে সাজঘরে ফিরলে বিপদে পড়ে যায় আফগানিস্তান।
তবে দলের হাল ধরেন আবদুল হাদি এবং নূর আহমেদ। ৪ ছক্কায় ৩৩ বলে ৩০ রান করেন নূর আহমেদ। তবে হাদি খেলেন ধীরগতির ইনিংস। ৯৭ বল খেলে মাত্র ৩৭ রান করে রানপুলের বলে আউট হন তিনি। ৪৭.১ বলে ১৩৪ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।
জবাবে ব্যাটিংয়ে নেমে আফগান বোলারদের তোপে ৪৩ রান তুলতেই ৭ উইকেট হারান লংকানরা। লংকান অধিনায়ক দুনিথ ওয়েল্লালাগ দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেন। রাভিন ডি সিলভার সাথে জুটি গড়েন তিনি। ৬১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। রাভিন করেন ৮৪ বলে ২১ রান।
এ দুই ব্যাটসম্যানের টেস্ট মেজাজের ইনিংস দলকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ৪৬ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা দল।
ফলে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় হয়ে গেছে শ্রীলংকার। সুপার লিগের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে আফগানিস্তান।
আনন্দবাজার/টি এস পি








