যুক্তরাষ্ট্রে বসবাসরত ১১ মিলিয়ন অবৈধ অভিবাসীর মধ্যে যারা কোন ধরনের অপরাধে লিপ্ত নন, তাদের সকলকে নাগরিকত্ব প্রদানের অঙ্গীকার করেছেন ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জোসেফ আর বাইডেন। সেইসাথে গত সাড়ে তিন বছরে প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন বিরোধী যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলোও বাতিলের কথা বলেন তিনি।
গত ৮ জুলাই বাইডেনের সাবেক প্রধান প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্সকে সাথে নিয়ে ডেমক্র্যাটিক পার্টির ‘ইউনিটি প্ল্যাটফরম’ এসব ঘোষণা দিয়েছেন বাইডেন।
বাইডেন জানান, বিভিন্ন দেশের বিশেষ করে মুসলমানদের জন্যে ভিসা কঠিন করা, পারিবারিক কোটায় যুক্তরাষ্ট্রে আসার রীতি রহিত, সীমান্তে দেয়াল নির্মাণের প্রক্রিয়া দায়িত্ব গ্রহণের একশ’ দিনের মধ্যে বাতিল করা হবে। এছাড়া নিউইয়র্ক, লসএঞ্জেলেস, ফিলাডেলফিয়া, বস্টন সিটির মতো ‘স্যাঙ্কচুয়ারি’ সিটির সংখ্যাও বাড়াবেন বলে জানান তিনি।
মামুলি অপরাধে কারাগারে থাকা অভিবাসীদের বহিষ্কারের পথও রুদ্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাইডেন। করোনাযুদ্ধে অবতীর্ণ স্বাস্থ্যকর্মী এবং সেনাবাহিনীতে কর্মরত অভিবাসীরা খুব দ্রুত গ্রিনকার্ড পাবেন বলেও জানান তিনি।
আনন্দবাজার/টি এস পি








