এক মাসের ব্যবধানে কমলো সোনার দাম। আজ বৃহস্পতিবার থেকে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে গতকাল নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। বাজুসের দাবি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়।
স্বর্ণের নতুন মূল্যতালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রয় হবে ৬০ হাজার ৩৬১ টাকা দরে। গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রয়মূল্য ছিল ৬১ হাজার ৫২৭ টাকা। পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রয় হবে ৫৮ হাজার ২৮ টাকা দরে। যা আগে ছিল ৫৯ হাজার ১৬৪ টাকা।
১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রয় দর দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৩ টাকা। যা আগে ছিল ৫৪ হাজার ১১৭ টাকা। আর সনাতন পদ্ধতিতে বাজারে বিক্রয় হবে ভরিপ্রতি ৪০ হাজার ২৪০ টাকা। যা গতকাল পর্যন্ত ছিল ৪১ হাজার ৪০৭ টাকা। এদিকে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রয়মূল্য ৯৩৩ টাকা।
আনন্দবাজার/ টি এস পি








