করোনায় বেড়েছে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা। এ নিয়ে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটিরও বেশি। সম্প্রতি এ তথ্য জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
জানা যায়, চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজারে উন্নীত হয়েছে। এছাড়া দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা সাড়ে ১৬ কোটি ছাড়িয়েছে।
মোট ইন্টারনেট গ্রাহকদের মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ৯ কোটি ৫১ লাখ ৬৮ হাজার। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৮০ লাখ ৮৪ হাজার। যা ফেব্রুয়ারির শেষ নাগাদ ছিল ৫৭ লাখ ৪৩ হাজার।
বিটিআরসির হিসেব অনুযায়ী, মার্চ শেষে মোবাইল গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের সাত কোটি ৫৩ লাখ ৩৩ হাজার, রবির চার কোটি ৯৭ লাখ ১৮ হাজার, বাংলালিংকের তিন কোটি ৫৩ লাখ ৭৩ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ১৩ হাজার।
আনন্দবাজার/রনি








