করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কার্যত লকডাউন চলছে সারাবিশ্বে। প্রতিবেশী দেশ ভারতেও এর প্রভাব পড়েছে। ২১ দিনের লকডাউন চলছে দেশটিতে। ঘরের বাইরে বের হওয়ার উপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। তাই বলে সন্তান বিপদে থাকলে কোনো মা ঘরে বসে থাকতে পারে না। তাইতো ১৪শ’ কিলোমিটার সড়ক-মহাসড়ক তিন দিনে স্কুটি চালিয়ে পেরিয়ে আরেক রাজ্যে আটকে পড়া ছেলেকে উদ্ধার করলো ভারতের অন্ধ্রপ্রদেশের এক মা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মা রাজিয়া বেগম স্থানীয় পুলিশকে কারণ জানিয়ে অনুমতি নিয়ে তেলেঙ্গানা রাজ্য থেকে যাত্রা শুরু করেন গত সোমবার। পার্শ্ববর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশে আটকে পড়া ছেলেকে বাড়ি নিয়ে আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি। এজন্য এক হাজার চারশ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে তাকে। তবে তিনি সফল হয়েছেন। গত বুধবার ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন রাজিয়া।
রাজিয়া বেগম এ বিষয়ে বলেন, একজন নারীর পক্ষে স্কুটি চালিয়ে এতো রাস্তা পাড়ি দেওয়া সহজ কাজ ছিল না। কিন্তু ছেলেকে রাড়ি ফিরিয়ে আনার দৃঢ়প্রতিজ্ঞা আমার সব ভয়কে দূরে ঠেলে দিয়েছিল। যাত্রা পথে অনেক কঠিন সময় পার করতে হয়েছে আমাকে। এমন সময় পার করেছি যখন দেখেছি রাতের আঁধারে কোথাও কেউ নেই। জনমানব শূন্য চারিদিক।
ভারতজুড়ে লকডাউন ঘোষণায় করায় রাজিয়া বেগমের ছেলে নাজিমুদ্দিন তেলেঙ্গানার নিলোরের রাহামাতাবাদে আটকা পড়েন। সেখানে যাওয়ার জন্য প্রথমে গাড়ির কথা মাথায় এলেও, পরে তিনি স্কুটিতেই ভরসা খুঁজে পান।
অবশেষে দৃঢ় প্রত্যয়ী এই মা স্কুটি চালিয়েই ভিন রাজ্যে আটকে পড়া ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে সফল হন।
আনন্দবাজার/এস.কে








