মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মধু চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ খাতে বেকারত্ব দূরিকরণসহ ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে বিপুল সংখ্যক মানুষ। এদিকে কমলগঞ্জের মধুচাষীদের আরও দক্ষভাবে গড়ে তুলতে মধু চাষ প্রশিক্ষণ কেন্দ্র করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।
গত শনিবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জে মৌমাছি পালনে মধুচাষীদের তিন দিনব্যাপি প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।
মৌ-বক্স স্থাপনের মাধ্যমে ডাল ও তেল জাতীয় ফসল এবং আম, লিচু ইত্যাদি পরাগায়নের হার বৃদ্ধির মাধ্যমে ফসল বৃদ্ধি বিষয়ক তিন দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ শেষে প্রায় অর্ধশত প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় কমলগঞ্জ কৃষি ও সেচ বিষয়ক কমিটি এ প্রশিক্ষণ বস্তাবায়ন করে। কমলগঞ্জ ক্ষুদ্র ও কুঠির শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত রায়, জাইকার উপজেলা ফ্যাসিলেটর মুজিবুর রহমান।
আনন্দবাজার/এম.আর








