করোনা শনাক্ত করতে মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে তথ্য সংগ্রহ করা শুরু করেছে সরকার। এসব তথ্য বিগ ডেটা অ্যানালিটিক্স করে তৈরি হবে ডিজিটাল ম্যাপ। যার মাধ্যমে করোনা ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিমুক্ত এলাকাগুলো আলাদা করে চিহ্নিত করা যাবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এটুআই এই পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে। দেশে করোনা ঝুঁকির সম্ভাব্য এলাকা চিহ্নিত করতেই ডিজিটাল ম্যাপ তৈরির কাজ শুরু করেছে সরকার। তথ্য সংগ্রহে দেশের সব মোবাইল অপারেটর থেকে ভাইরাসের লক্ষণ সংক্রান্ত এসএমএস পাঠানো হচ্ছে গ্রাহকের কাছে। এ ক্ষুদে বার্তায় দেয়া সংশ্লিষ্ট নাম্বারে ডায়াল করে জ্বর, সর্দি, কাশি'সহ পাঁচটি স্বাস্থ্য তথ্য দিতে হবে। গ্রাহকদের দেয়া তথ্য সরাসরি আইইডিসিআর এবং এটুআই এর কাছে চলে যাবে। এছাড়া এসএমএসে দেয়া সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করেও তথ্য দিতে পারবে। ফোনের মাধ্যমে পাওয়া তথ্যগুলো বিগ ডেটা অ্যানালিটিক্স এর মাধ্যমে বিশ্লেষণ করা হবে। ডিজিটাল ম্যাপ তৈরিতে এটুআইয়ের সঙ্গে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার, মোবাইল ফোন অপারেটর এবং স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় কাজ করছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, এরই মধ্যে এ নিয়ে আমাদের টাস্ক ফোর্স জরুরি ভিত্তিতে কাজ করছে।
ম্যাপটি তৈরি হয়ে গেলে মোবাইল নম্বর এবং মোবাইলের আইএমইআই নম্বরের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করা গ্রাহকদের গতিবিধি পর্যবেক্ষণে সক্ষম হবে সরকার।
আনন্দবাজার/তা.তা







