সুশান্ত সিং রাজপুতকে নিয়ে ছবি তৈরির ঘোষণা দিলেন পরিচালক বিজয় শেখর গুপ্তা। ছবির নাম ঠিক করা হয়েছে 'সুইসাইড অর মার্ডার?'। সুশান্তের জীবন নিয়েই এই সিনেমা তৈরি হবে বলে জানিয়েছেন নির্মাতা।
মুম্বাই মিররকে দেয়া সাক্ষাতকারে বিজয় শেখর জানান, এই ছবির মাধ্যমে তিনি বলিউডের অন্ধকার দিকটা তুলে ধরতে চান। এই গ্ল্যামার দুনিয়ায় অভিনেতাদের স্ট্রাগলের কথা বলবে এই ছবি। তার এই ছবিটি সুশান্তের বায়োপিক নয়, বরং সুশান্ত সিং রাজপুতের জীবনের অনুপ্রেরণায় তৈরি হবে।
ছবির পোস্টারে দেখা গেছে ‘সুইসাইড অর মার্ডার?’ নামের সঙ্গে ট্যাগলাইন হিসাবে রয়েছে- একটা তারকা হারিয়ে গেল। টুইটারে সেই মোশন পোস্টার শেয়ার করে হ্যাশট্যাগে সুশান্ত সিং রাজপুতের নামও যোগ করেছেন বিজয় শেখর গুপ্ত। এই ছবির সৃজনশীল পরিচালক ও প্রযোজকের ভূমিকায় থাকছেন তিনি নিজেই। পরিচালনার দায়িত্বভার সামলাবেন শমীক মৌলিক।
বিজয় শেখর আরও জানান, আমি এই ছবিটা তৈরি করছি এই ইন্ডাস্ট্রির কিছু বড় তারকা ও প্রযোজনা সংস্থার একচেটিয়া রূপটা তুলে ধরার জন্য। বাইরের ছেলেমেয়েরা ট্যালেন্ট থাকা সত্ত্বেও এই দলবাজির শিকার হয় যা ইন্ডাস্ট্রির ভিতর রয়েছে। আমার ছবিতে সেইসব ধরা পড়বে সুশান্তের সঙ্গে যেই অন্যায়গুলো হয়েছে। ছেলেটাকে জীবন শেষ করে দিতে বাধ্য করা হয়েছে। পর পর অনেক ছবি থেকে ওকে বাদ দেওয়া হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস








