টিউলিপ হচ্ছে তুরস্কের জাতীয় ফুলের নাম। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টিউলিপ ফুলের চাষ হয় ‘ফুলের রানী খ্যাত দেশ নেদারল্যান্ডস’। বর্তমানে টিউলিপ ফুল উৎপাদনকারী প্রধান দেশ হলো নেদারল্যান্ডস। আর এরই ধারাবাহিকতায় টিউলিপ ফুলকে ঘিরেই সেখানে গড়ে উঠেছে শিল্প।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ফুল চাষি দেলোয়ার হোসেনের বাগানে ফুটেছে টিউলিপ ফুল। স্বর্গীয় এক অনুভূতি বিরাজমান দেলোয়ারের ফুর বাগানে। দৃষ্টিনন্দন এই টিউলিপ বাগান দেখতে মানুষের ভিড় বেড়েছে। তার বাগান জুড়ে এখন টিউলিপময় ভালোবাসার গল্প।
ফুল চাষি দেলোয়ার হোসেন তার টিউলিপ বাগানের নাম দিয়েছেন ‘মৌমিতা ফ্লাওয়ারস’। এর আগেও জার্বেরা, চায়না, গোলাপ ও বিদেশী বিভিন্ন ফুল চাষে সফল হয়েছেন তিনি। সফল ফুল চাষি হিসেবে ২০১৭ সালে ‘বঙ্গবন্ধু কৃষি পদক’ পান চাষি দেলোয়ার। বাংলাদেশে প্রথমবারের মতো ভাইরাসমুক্ত সবজির চারা উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেন তিনি।
গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাহবুব আলম বলেন, বর্তমানে উচ্চমূল্যে টিউলিপ ফুল আমদানি করে আমাদের দেশের চাহিদা মেটাতে হয়। সফল ফুল চাষি দেলোয়ারের বাগানে টিউলিপ ফুল ফোটায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। টিউলিপ ফুল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন সাধন হবে এবং দারুণ ছোয়া লাগবে।
আনন্দবাজার/শাহী








