দেশের ৯ সিকিউরিটিজ হাউজের ১৫ ট্রেডারের লেনদেন কার্যক্রমে বিতর্কিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার এ বিষয়ে সংশ্লিষ্ট হাউজগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়েছে বিএসইসি।
গত ১৮ এপ্রিল শূন্য দরে শেয়ার বিক্রয়াদেশ নিয়ে ৯ ব্রোকারেজ হাউজের ১৫ ট্রেডারের আচরনকে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে করে বিএসইসি। ফলে তাদের লেনদেন কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। এমন দর প্রস্তাব নিয়মের মধ্যেই রয়েছে। নিয়মিত ঘটায় বিএসইসির ১৫ ট্রেডারের কার্যক্রমে স্থগিতাদেশকে মানতে পারেন না ট্রেডাররা। এ বিষয়ে গত ১৯ এপ্রিল বিএসইসির পনের ট্রেডার স্থগিতাদেশ নিয়ে বিতর্ক শীর্ষক সংবাদ প্রকাশ করা হয়।
বিএসইসির এমন বিতর্কিত সিদ্ধান্তের পরে গত ২১ এপ্রিল ১৫ জন ট্রেডারের উপরে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বিএসইসিকে চিঠি দেয় ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও। এরই ধারাবাহিকতায় বুধবার প্রত্যাহার করে নিল বিএসইসি।








