ঘুষের বিনিময়ে নির্দিষ্ট একটি সংস্থাকে সরকারি কাজ দেওয়ার অভিযোগে পেরুর পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা।
রয়টার্স জানায়, আজ মঙ্গলবার পেরুর এই প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পক্ষে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দিয়েছেন।
প্রেসিডেন্ট ভিজকারাকে অভিশংসনের পক্ষে পার্লামেন্টের ১০৫ সদস্য ভোট দেন। এবং বিপক্ষে ভোট দেন ১৯ জন সদস্য। ভোট দেয়া থেকে বিরত ছিলেন চারজন।
ভিজকারার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি পেরুর দক্ষিণের মোকুগুয়া অঞ্চলের গভর্নর থাকাকালীন প্রায় ৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ঘুষের বিনিময়ে একটি সংস্থাকে সরকারি কাজ দিয়েছিলেন। তবে তিনি এই অভিযোগ বারবারই অস্বীকার করে আসছিলেন।
এদিকে প্রত্যাশা করা হচ্ছে, প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ায় কংগ্রেসের স্পিকার ম্যানুয়েল মেরিনো আগামী বছর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট ভিজকারার মেয়াদ শেষ হবে ওই বছরের জুলাইয়ে।
এ ব্যাপারে ভিজকারা জানান, তিনি সংসদ সদস্যদের ভোটের রায় মেনে নেবেন এবং এর বিরুদ্ধে কোনও ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না। শিগগিরই প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যাবেন বলে জানান তিনি।
আনন্দবাজার/টি এস পি








